মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’

বিনোদন ডেস্ক প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০৯:২৮ পিএম
মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট মুক্তির অনুমতি পেয়েছে ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খানের আসন্ন ঈদুল আজহার ছবি ‘রকস্টার’।

শনিবার সন্ধ্যায় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সার্টিফিকেশন বোর্ডের উপপরিচালক মইনদ্দিন জানান, ‘রকস্টার’ সিনেমার সেন্সর বা মুক্তির অনুমতি দেওয়া হয়েছে। তবে সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়াটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হবে।

ইতোমধ্যে সিনেমাটির গান ও টিজার সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। দীর্ঘ দিন পর ভিন্ন লুকে শাকিব খানকে দেখার জন্য দর্শকরাও মুখিয়ে আছেন। চলচ্চিত্র সংশ্লিষ্ট ও নেটিজেনদের ধারণা, এবারের ঈদে ‘রকস্টার’ বড় ধরনের চমক দেখাতে পারে।

আজমান রুশো পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর ও তানজিয়া মিথিলা। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুনিধি নায়েক, তারিক আনাম খানসহ আরও অনেককে। সান মোশন পিকচার্সের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন অঞ্জন চৌধুরী পিন্টু।

দেশে মুক্তির পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বড় পরিসরে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ‘স্বপ্ন স্কেয়ারক্রো’-এর পরিবেশনায় আগামী ৫ জুন থেকে আমেরিকা, কানাডা ও যুক্তরাজ্যে একযোগে ‘রকস্টার’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

জেএইচআর