কলকাতার গড়িয়াহাট এলাকায় নিজ বাসভবনের ছাদ থেকে পড়ে গিয়ে মারা গেছেন অনীক দত্ত। বুধবার দুপুরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কে অবস্থিত নিজ বাড়ির ছাদ থেকে নিচে পড়ে যান এই নির্মাতা। পরে দ্রুত তাকে ঢাকুরিয়ার মনিপাল হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনার পরপরই এলাকায় যায় গড়িয়াহাট থানার পুলিশ ও হোমিসাইড শাখার কর্মকর্তারা। নির্মাতার মৃত্যু ঘিরে নানা প্রশ্ন তৈরি হওয়ায় ঘটনাটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ ভবনের নিচে রক্তাক্ত স্থানটি ঘিরে রেখেছে। একই সঙ্গে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে।
অনীক দত্তের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে ছুটে যান সৃজিত মুখার্জি, দেবজ্যোতি মিশ্রসহ টলিউডের অনেক তারকা ও সহকর্মী।
টলিউডের জনপ্রিয় ও প্রভাবশালী নির্মাতাদের মধ্যে অনীক দত্ত ছিলেন অন্যতম। ২০১২ সালে ভূতের ভবিষ্যৎ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে তার অভিষেক হয়। সিনেমাটি মুক্তির পর দর্শকপ্রিয়তার পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়ায়।
পরবর্তীতে তিনি মেঘনাদবধ রহস্য, ভবিষ্যতের ভূত, বরুণবাবুর বন্ধু এবং অপরাজিত-এর মতো আলোচিত সিনেমা নির্মাণ করেন। বিশেষ করে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ নির্মাণের পেছনের গল্প নিয়ে তৈরি ‘অপরাজিত’ ব্যাপক আলোচনায় আসে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন