রাজধানীর কাফরুলের সেনপাড়া পর্বতা এলাকায় অভিনেত্রী ইয়ামিন হক ববির বাসায় চুরির ঘটনা ঘটেছে। জানালা ও বারান্দার গ্রিল কেটে দুর্বৃত্তরা ফ্ল্যাটে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী নিয়ে যায়।
মঙ্গলবার (২৬ মে) রাতে ঘটনাটি জানতে পারেন ববি। সে সময় তিনি নতুন একটি শুটিংয়ের কাজে বাসার বাইরে ছিলেন। পরে গৃহপরিচারিকার ফোন পেয়ে দ্রুত বাসায় ফিরে এসে ঘরের আলমারি তছনছ অবস্থায় দেখতে পান।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কাফরুল থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তদন্ত চলছে। প্রাথমিক হিসাবে প্রায় ৮৫ লাখ ৭০ হাজার টাকার স্বর্ণ, দামি ঘড়ি ও নগদ অর্থ চুরি হয়েছে।
ববির মা বর্তমানে হজে সৌদি আরবে রয়েছেন এবং পরিবারের অন্য সদস্যরা বিদেশে থাকায় বাসায় তিনি একাই ছিলেন। এই সুযোগেই চোরচক্র ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন