দুইশ কোটি রুপি আর্থিক প্রতারণা ও অর্থপাচার মামলায় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের আইনি জটিলতা আরও বেড়েছে। বহুল আলোচিত এ মামলায় জ্যাকলিনসহ মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছেন দিল্লির একটি আদালত।
শনিবার দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট জানায়, তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে জ্যাকলিন ফার্নান্দেজ, মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর, তার স্ত্রী লীনা মারিয়া পলসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে। আগামী ৩ জুন এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শুনানিতে আদালত বলেন, মামলার নথি ও প্রমাণ পর্যালোচনায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠনের যথেষ্ট ভিত্তি পাওয়া গেছে।
তদন্ত সংস্থার দাবি, সুকেশ চন্দ্রশেখরের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবগত থাকার পরও তার সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন জ্যাকলিন। এছাড়া তিনি সুকেশের কাছ থেকে একাধিক মূল্যবান উপহার গ্রহণ করেছিলেন, যা অবৈধ অর্থে কেনা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন জ্যাকলিন ফার্নান্দেজ। তার দাবি, প্রতারণার মাধ্যমে তাকে এ ঘটনায় জড়িয়ে ফেলা হয়েছে এবং তিনি কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে জানতেন না।
মামলাটির অভিযোগ অনুযায়ী, কারাগারে থাকা অবস্থায় সুকেশ চন্দ্রশেখর ভুয়া পরিচয় ব্যবহার করে একটি চক্রের মাধ্যমে এক ব্যবসায়ী পরিবারের কাছ থেকে প্রায় দুইশ কোটি রুপি আত্মসাৎ করেন। তদন্তের সময় তার সঙ্গে জ্যাকলিনের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি সামনে এলে অভিনেত্রীর ভূমিকাও তদন্তের আওতায় আসে।
আদালতের সাম্প্রতিক নির্দেশনার ফলে মামলাটি এখন বিচারিক প্রক্রিয়ার নতুন ধাপে প্রবেশ করতে যাচ্ছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন