বলিউড তারকা আমির খান জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জানা গেছে, আগামী ৫ জুলাই মুম্বাইয়ে নিজ বাসভবনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে রেজিস্ট্রি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এই জুটি।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের আয়োজন রাখা হয়েছে একেবারেই সীমিত পরিসরে। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও কাছের বন্ধুদের আমন্ত্রণ জানানো হবে। তবে আমিরের ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খান ও সালমান খান উপস্থিত থাকতে পারেন বলে আলোচনা চলছে।
এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৯৪ সালে রীনা দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এই দম্পতির দুই সন্তান-জুনাইদ খান ও ইরা খান। পরবর্তীতে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। তাদের একমাত্র ছেলে আজাদ। ২০২১ সালে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিচ্ছেদের ঘোষণা দেন আমির ও কিরণ।
অন্যদিকে, গৌরী স্প্র্যাট ব্রিটিশ বংশোদ্ভূত কমিউনিস্ট কর্মী ফিলিপ স্প্র্যাটের নাতনি। এর আগে তিনি একবার বিবাহিত ছিলেন এবং তার সাত বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। গত বছর নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রথমবারের মতো গৌরীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির খান। সেই সম্পর্ক এবার বিয়ের মাধ্যমে নতুন পরিণতি পেতে যাচ্ছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন