ব্যতিক্রমী সম্মাননা পেয়ে আবেগাপ্লুত অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০৯:৩৯ পিএম
ব্যতিক্রমী সম্মাননা পেয়ে আবেগাপ্লুত অপু বিশ্বাস

দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য পুরস্কার, সম্মাননা ও দর্শকের ভালোবাসা অর্জন করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে সম্প্রতি পাওয়া একটি বিশেষ সম্মাননা তাকে ভিন্নভাবে আবেগাপ্লুত করেছে। এবার তার হাতে তুলে দেওয়া হয়েছে স্বর্ণের তৈরি একটি বিশেষ কলস।

ঘটনাটি ঘটে একেবারেই অপ্রত্যাশিতভাবে। সেদিন বিকেলে জিমে সময় কাটাচ্ছিলেন অপু বিশ্বাস। এ সময় একটি ফোন পেয়ে তাকে জরুরি ভিত্তিতে একটি অনুষ্ঠানে উপস্থিত হতে বলা হয়। কারণ সম্পর্কে কিছু না জেনেই সেখানে পৌঁছান তিনি। পরে তার হাতে স্বর্ণের তৈরি বিশেষ কলস তুলে দেন ফরিদুর রেজা সাগর।

হঠাৎ পাওয়া এই সম্মাননায় আবেগঘন প্রতিক্রিয়া জানান অপু বিশ্বাস। তিনি বলেন, একজন শিল্পীর সবচেয়ে বড় প্রাপ্তি মানুষের ভালোবাসা ও সম্মান। নিজের ক্যারিয়ারে কখনো অর্থ বা বিত্তকে প্রাধান্য দেননি; বরং দর্শকের ভালোবাসাকেই সবচেয়ে মূল্যবান মনে করেছেন।

অপু বিশ্বাসের মতে, এই স্বর্ণের কলসের মূল্য শুধু এর ধাতব মূল্যমান দিয়ে বিচার করা যাবে না। এর সঙ্গে জড়িয়ে রয়েছে অসংখ্য মানুষের ভালোবাসা, শ্রদ্ধা এবং তার দীর্ঘদিনের শিল্পীসত্তার স্বীকৃতি।

তিনি মনে করেন, জীবনে পাওয়া বহু পুরস্কার ও সম্মাননার মধ্যেও এই বিশেষ উপহারটি তার কাছে অন্যতম স্মরণীয় ও আবেগঘন অর্জন হয়ে থাকবে। কারণ এটি কেবল একটি সম্মাননা নয়, বরং দর্শক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসার প্রতীক।

এম জি