অভিনেত্রী তানিয়া বৃষ্টির অসুস্থতা ও মৃত্যুর গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে এসব খবরকে গুজব বলে উড়িয়ে দিয়ে তিনি জানিয়েছেন, বর্তমানে তিনি সুস্থ আছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় বিশ্রামে রয়েছেন।
মঙ্গলবার এক সংবাদমাধ্যমকে তানিয়া বৃষ্টি বলেন, মহান আল্লাহর রহমতে তিনি ভালো আছেন। বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন এবং নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন।
তিনি জানান, নির্ধারিত সময় অনুযায়ী নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হচ্ছে। আগামী ২০ জুনও কিছু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানোর কথা রয়েছে।
তানিয়া বৃষ্টি বলেন, ইতোমধ্যে তার দুটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ভবিষ্যতে আরও একটি অস্ত্রোপচার করতে হতে পারে। এ কারণে তিনি আপাতত বিশ্রামে রয়েছেন এবং খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না।
চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। পরে অস্ত্রোপচারের মাধ্যমে সেটি অপসারণ করা হয়। উন্নত চিকিৎসার জন্য মার্চে তিনি ভারতের চেন্নাইয়ে যান এবং এপ্রিলের শেষ দিকে দেশে ফেরেন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, ছোটপর্দার জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি ২০১৫ সালে ‘ঘাসফুল’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক করেন। পরে ‘গোয়েন্দাগিরি’ চলচ্চিত্রেও অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়ান।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন