রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৩৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, ঢাকা বিভাগের সিটি কর্পোরেশন এলাকার বাইরে ৪৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২৭ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৪ জন, খুলনা বিভাগে ২৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ৩৮ জন এবং রংপুর বিভাগে ৩ জন রয়েছেন।
একই সময়ে সারাদেশে ৩৮৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ১৩ হাজার ৯৬৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ১৫ হাজার ২১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৫৮ জনের।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয় এবং ৫৭৫ জনের মৃত্যু হয়। তার আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং ১ হাজার ৭০৫ জন মারা যান।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন