দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে কোনো মৃত্যুর ঘটনা শনাক্ত হয়নি।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে চলতি মৌসুমের ৮৬ দিনে হাম ও এর উপসর্গে মোট মৃত্যু দাঁড়িয়েছে ৬৩১ জনে। এর মধ্যে সন্দেহজনক হামে ৫৩৯ জন এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে ৯২ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ শিশুর মধ্যে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের একজন করে রয়েছে।
এ সময়ে নতুন করে সন্দেহজনক হামে ৯৮০ জন রোগী শনাক্ত হয়েছে, যাদের মধ্যে ৯৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৪ জন।
সব মিলিয়ে গত ৮৬ দিনে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৮৪ জনে, এর মধ্যে ৬৬ হাজার ১৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। নিশ্চিতভাবে আক্রান্ত রোগীর সংখ্যা ৯ হাজার ৮৩৩ জন।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ১ হাজার ১৪ জনসহ এখন পর্যন্ত মোট ৬২ হাজার ২৯২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন