পাকিস্তানের প্রথম প্রতিরক্ষা বাহিনীর প্রধান (সিডিএফ) হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির।
স্থানীয় সময় বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পাঠানো সারসংক্ষেপের ভিত্তিতে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি অসীম মুনিরের নিয়োগ চূড়ান্ত করেন। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
গত মে মাসে ভারতের বিরুদ্ধে যুদ্ধের পর এই শীর্ষ সেনা কর্মকর্তা ফিল্ড মার্শাল পদে পদোন্নতি পান। চলতি বছরের শেষের দিকে তার সেনাপ্রধানের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও, সংবিধান সংশোধন করে 'পাকিস্তান সামরিক বাহিনীর প্রধান' নামে নতুন একটি পদ তৈরি করে অসীম মুনিরকে পাঁচ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। গত নভেম্বর পাকিস্তানের সংবিধানে ২৭তম সংশোধনী আনা হয়। ওই সংশোধনীর মাধ্যমে তৈরি করা হয় প্রতিরক্ষা বাহিনীর প্রধানের পদ।
গত ২০ মে অসীম মুনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দেয় পাকিস্তান সরকার। তিনি দেশটির ইতিহাসে দ্বিতীয় ফিল্ড মার্শাল। এর আগে একমাত্র ফিল্ড মার্শাল ছিলেন আইয়ুব খান।
প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ চূড়ান্ত হওয়ার কিছুক্ষণ আগে পাকিস্তানের সেনাপ্রধান বলেন, এখান থেকে পাকিস্তান আরও উন্নতির দিকে এগোবে।
এদিকে, পৃথক জারি করা আরেক আদেশে বিমান বাহিনী প্রধান জহির আহমেদ বাবর সিধুর'র মেয়াদ দুই বছর বাড়ানোর অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। ২০২৬ সালের মার্চ মাসে তার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পর এই বর্ধিতকরণ কার্যকর হবে। তথ্যসূত্র: জিও নিউজ)
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন