ঢাকায় জয়শঙ্কর-সাদিক বৈঠক: ভারত-পাকিস্তান সম্পর্কের বরফ গলার ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০৬:২৫ পিএম
ঢাকায় জয়শঙ্কর-সাদিক বৈঠক: ভারত-পাকিস্তান সম্পর্কের বরফ গলার ইঙ্গিত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক জানাতে এসে তার বাসভবনে এক বিরল বৈঠকে মিলিত হয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। 

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের শীর্ষ পর্যায়ের এই সাক্ষাৎকে একটি ‘বড় ব্রেকথ্রু’ বা বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি হিসেবে অভিহিত করেছে।

মঙ্গলবার বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর আজ বুধবার (৩১ ডিসেম্বর) ঢাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে জানাজায় অংশ নেন লাখো মানুষ। এই শোকাতুর পরিবেশে যোগ দিতে ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। বুধবার তারা পৃথকভাবে বেগম খালেদা জিয়ার বাসভবনে শোক প্রকাশ করতে গেলে সেখানেই দুই নেতার সাক্ষাৎ ঘটে।

চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনব্যাপী এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছিল। গত এপ্রিল মাসে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে একটি সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই উত্তেজনার সূত্রপাত হয়। 

ভারত এই হামলার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ৭ মে ভোরে পাকিস্তানে মিসাইল হামলা চালায়। পাল্টা জবাবে পাকিস্তানও মিসাইল ও বিমান হামলা শুরু করে। চার দিন ধরে চলা সেই তীব্র সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়।

সংঘর্ষ-পরবর্তী সময়ে এটিই দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের মধ্যে প্রথম সরাসরি বৈঠক। পাকিস্তানি সাংবাদিক আনাস মল্লিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দাবি করেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী নিজেই পাকিস্তানের স্পিকারের কাছে এগিয়ে যান এবং তাঁদের মধ্যে কথোপকথন হয়।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ঢাকায় বেগম খালেদা জিয়ার শোকাবহ পরিবেশে দুই দেশের শীর্ষ প্রতিনিধিদের এই সৌজন্য সাক্ষাৎ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কি না, তা এখন দেখার বিষয়।

সূত্র: জিও টিভি

ইএইচ