মসজিদে নববীতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান: রওজা শরীফে জিয়ারত ও বিশেষ মোনাজাত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১১:২৭ পিএম
মসজিদে নববীতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান: রওজা শরীফে জিয়ারত ও বিশেষ মোনাজাত

সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ শুক্রবার পবিত্র মদিনা মুনাওয়ারার মসজিদে নববী জিয়ারত করেছেন। অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে তিনি সেখানে রওজা আল শরিফায় নফল সালাত আদায় করেন।

তিনি মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ (সা.) এবং তাঁর দুই সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক (রা.) ও হযরত উমর ফারুক (রা.) এর পবিত্র রওজা মোবারকে সালাম পেশ করেন। সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম এবং সৌদি গেজেট এর বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার বিকেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমান মদিনায় পৌঁছালে তাঁকে মদিনা অঞ্চলের গভর্নর এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান। এরপর তিনি সরাসরি মসজিদে নববীতে প্রবেশ করেন এবং সাধারণ মানুষের প্রতি শুভেচ্ছা বিনিময় করে মসজিদের গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিদর্শন করেন।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান মসজিদে নববীর অত্যন্ত পবিত্র স্থান আল রওজা আল শরিফায় প্রবেশ করেন। সেখানে তিনি একাগ্রতার সাথে দুই রাকাত নফল সালাত আদায় করেন। এরপর তিনি সৌদি আরবের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্যের জন্য বিশেষ মোনাজাত করেন।

প্রার্থনা শেষে যুবরাজ মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর পবিত্র সমাধিস্থলের সামনে বিনম্র শ্রদ্ধায় সালাম পেশ করেন। এরপর তিনি ইসলামের প্রথম দুই খলিফা হযরত আবু বকর (রা.) ও হযরত উমর (রা.) এর কবরের সামনে দাঁড়িয়ে অভিবাদন জানান।

জিয়ারত শেষে তিনি মসজিদে নববীর সম্প্রসারণ কাজ এবং মদিনার ‘রুয়া আল মদিনা’ প্রকল্পের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন। ইসলামের পবিত্রতম স্থানগুলোর আধুনিকায়ন এবং হাজিদের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করা তাঁর অন্যতম অগ্রাধিকার।

মোহাম্মদ বিন সালমান কেবল সৌদি আরবের প্রধানমন্ত্রী নন, বরং তিনি দুই পবিত্র মসজিদের খাদেম রাজা সালমানের উত্তরসূরি। তাঁর এই জিয়ারত ইসলামের কেন্দ্রস্থলের প্রতি রাজপরিবারের ভক্তি ও দায়িত্বের প্রতীক হিসেবে দেখা হয়।

মদিনায় সংক্ষিপ্ত সফর শেষে যুবরাজ রিয়াদে ফিরে যান। তাঁর এই সফরের মধ্য দিয়ে পবিত্র মদিনা নগরীর গুরুত্ব এবং মসজিদে নববীর সেবায় সৌদি সরকারের অবিচল অঙ্গীকার পুনরায় ব্যক্ত হয়েছে।

জেএইচআর