লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার ফরাসি বার্তা সংস্থা এএফপি ও দ্য গার্ডিয়ান এই তথ্য নিশ্চিত করেছে।
লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, দক্ষিণ লেবাননের বুর্জ কালাউইয়া শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি বাহিনী সরাসরি হামলা চালায়। এতে ডিউটিরত অবস্থায় ১২ জন চিকিৎসক, প্যারামেডিক ও নার্স প্রাণ হারান।
এর আগে সাওয়ানেহ শহরে পৃথক এক হামলায় হিজবুল্লাহ ও আমাল মুভমেন্ট সংশ্লিষ্ট দুই প্যারামেডিক নিহত হন। স্বাস্থ্য মন্ত্রণালয় এই ঘটনাকে আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে।
এদিকে, লেবাননে ইসরায়েলি হামলার উত্তেজনার মধ্যেই ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
শনিবার সকালে বাগদাদের অত্যন্ত সুরক্ষিত ‘গ্রিন জোন’ এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাস প্রাঙ্গণে একটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হানে। ইরাকি নিরাপত্তা কর্মকর্তারা জানান, ক্ষেপণাস্ত্রটি সরাসরি দূতাবাস সীমানার ভেতরে একটি হেলিপ্যাডের ওপর গিয়ে পড়ে। হামলার পরপরই দূতাবাস প্রাঙ্গণ থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, বাগদাদে ইরান-সমর্থিত দুই যোদ্ধা নিহতের ঘটনার পরপরই এই পাল্টা হামলার ঘটনা ঘটেছে। তবে এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও জানায়নি মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ।
মধ্যপ্রাচ্যে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান এই উত্তেজনা অঞ্চলটিতে বড় ধরনের সংঘাতের শঙ্কা বাড়িয়ে দিয়েছে।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন