মদ্যপ অবস্থায় ড্রাইভিং করার অপরাধে লেডি বাইকার গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ০৮:৩৫ পিএম
মদ্যপ অবস্থায় ড্রাইভিং করার অপরাধে লেডি বাইকার গ্রেপ্তার

মদ্যপ অবস্থায় ড্রাইভিংয়ের অভিযোগে চীনের দক্ষিণ উপকূলে অবস্থিত ম্যাকাউ অঞ্চলে একজন লেডি বাইকারকে গ্রেপ্তার করেছে জননিরাপত্তা পুলিশ (পিএসপি)। বিশোর্ধ্ব এক নারী বাইকারকে ধাক্কা দিয়ে আহত করেছেন তিনি। গত ১৯ মার্চ এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পিএসপির মুখপাত্র ওং চি ওয়েং।

পিএসপির মুখপাত্র জানিয়েছেন, গত ১৭ মার্চ সন্ধ্যায় জননিরাপত্তা পুলিশ অ্যাভেনিডা দো আলমিরান্সে ল্যাসের্ডায় একটি সড়ক দুর্ঘটনার খবর পায়। কর্মকর্তারা সেখানে ছুটে গিয়ে দুই মোটরসাইকেল আরোহীকে জিজ্ঞাসাবাদ করেন। তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃত চল্লিশোর্ধ্ব ব্যক্তি ইয়াং খাবার খাওয়ার সময় মদ্যপান করেছিলেন। তাকে একজন স্থানীয় কেরানি হিসেবে শনাক্ত করা হয়েছে।

দ্য ম্যাকাউ ডেইলি পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বাইকার ইয়াং মদ্যপানের পর ম্যাকাউতে আসেন এবং তার মোটরসাইকেল নেন। তিনি মোটরসাইকেল চালানোর সময় রাস্তার দিকে মনোযোগ দিতে পারেননি। এ কারণে রাস্তায় থাকা ট্রাফিক সিগন্যালের লাল বাতিতে থেমে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেন। এতে বিশোর্ধ্ব এক নারী বাইকার আহত হন।

পুলিশ ঘটনাস্থলে ইয়াংয়ের ব্রেথলাইজার পরীক্ষা করে এবং রিপোর্টে দেখা যায়, সে মদ্যপান করেছিলেন। প্রতি লিটারে ১.৬২ গ্রাম ছিল। আর আহত নারী বাইকারকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয় এবং পরে ছেড়ে দেয়া হয় তাকে।

এ ঘটনায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং শারীরিক ক্ষতি করার অভিযোগে গ্রেপ্তার ইয়াংকে গণ-প্রসিকিউশন দপ্তরে (এমপি) স্থানান্তর করা হয়েছে।

পিএসপির মুখপাত্র ওং চি ওয়েং সংবাদ সম্মেলনে আরও বলেন, এ ঘটনার পরদিন, অর্থাৎ ১৮ মার্চ ভোর ২টায় তাদের টহলকালে রুয়া দে ফাই চি কেই এলাকা থেকে ত্রিশোর্ধ্ব এক ফিটনেস প্রশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

এএন