ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৯:৫৪ পিএম
ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। 

সোমবার গ্রিনিচ মান সময় সকাল ৮টা ৪৪ মিনিটে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির লুগানভিল শহরের উত্তর-পূর্বাঞ্চলে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১১৬ কিলোমিটার। শক্তিশালী এই কম্পনে বিস্তীর্ণ এলাকা কেঁপে উঠলেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ভানুয়াতু প্রশান্ত মহাসাগরের অত্যন্ত সংবেদনশীল ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। এই অঞ্চলে টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ঘটনা ঘটে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ৭ মাত্রার বেশি মাত্রার ভূমিকম্প সাধারণত বেশ ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। তবে গভীরতা বেশি হওয়ায় বড় ধরনের জলোচ্ছ্বাস বা সুনামির আশঙ্কা কম থাকলেও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জেএইচআর