যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ১১:০৭ এএম
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক কৃষ্ণাঙ্গ যুবকের হাতুড়ির আঘাতে নীলুফার ইয়াসমিন নামে এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সকালে ফোর্ট মায়ার্স শহরের ডক্টর মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ডে অবস্থিত একটি গ্যাস স্টেশনে এই হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত ঘাতক রোলবার্ট জোয়াচিনকে ঘটনার কিছুক্ষণের মধ্যেই আটক করেছে স্থানীয় পুলিশ।

তদন্ত ও সিসিটিভি ফুটেজ অনুযায়ী, ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার (৩১ মার্চ)। অভিযুক্ত জোয়াচিন গ্যাস স্টেশনের এটিএম বুথ থেকে টাকা তুলতে ব্যর্থ হয়ে ক্যাশিয়ার নীলুফারের কাছে টাকা দাবি করেন। নীলুফার তাকে জানান যে মেশিনের দায়ভার তার নয়। এতে ক্ষিপ্ত হয়ে জোয়াচিন চলে গেলেও বৃহস্পতিবার ভোরে ফিরে এসে তাণ্ডব শুরু করেন।

বৃহস্পতিবার সকাল ৭টা ১৪ মিনিটে জোয়াচিন প্রথমে নীলুফারের ব্যক্তিগত গাড়ির কাঁচ হাতুড়ি দিয়ে ভাঙচুর করেন। কারণ জানতে নীলুফার দোকান থেকে বেরিয়ে এলে জোয়াচিন ‘আমার টাকা দাও’ বলে চিৎকার করে তার মাথায় হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করেন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সকাল ৭টা ২৭ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ফোর্ট মায়ার্স পুলিশ বিভাগ জানিয়েছে, অভিযুক্ত জোয়াচিনকে ম্যাঙ্গো এবং রেলি স্ট্রিট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় সম্ভাব্য ঝুঁকি এড়াতে স্থানীয় তিনটি স্কুলে সাময়িক ‘লকডাউন’ জারি করা হয়েছিল। বর্তমানে জোয়াচিন লি কাউন্টি জেলে বন্দি রয়েছেন এবং তার বিরুদ্ধে হত্যা ও সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। আদালত তাকে জামিনবিহীন আটক রাখার নির্দেশ দিয়েছেন।

নিহত নীলুফার ইয়াসমিনের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নে। মাত্র তিন মাস আগে তিনি ওই দোকানে ক্যাশিয়ার হিসেবে যোগ দিয়েছিলেন। তার ১৬ ও ২০ বছর বয়সী দুটি কন্যাসন্তান রয়েছে। এই ঘটনায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

জেএইচআর