যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ না চাইলেও নিজেদের ন্যায্য অধিকার রক্ষায় দৃঢ় থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বৃহস্পতিবার পাঠ করা এক লিখিত বার্তায় তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
গত ২৮শে ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনে তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার কয়েক সপ্তাহ পর পাঠ করা ওই বার্তায় মোজতবা খামেনি বলেন, আমরা যুদ্ধ চাইনি এবং এখনও চাই না। তবে কোনো অবস্থাতেই আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে সরে দাঁড়াব না। এ ক্ষেত্রে আমরা সমগ্র ‘প্রতিরোধ জোটকে’ একসঙ্গে বিবেচনা করি।
এদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের সাময়িক একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান। এর মাধ্যমে ভবিষ্যতে শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর হুমকি দিয়েছিলেন।
মোজতবা খামেনি তার বার্তায় বলেন, যুদ্ধবিরতি থাকলেও জনগণের আন্দোলন থামানো উচিত নয়।
তিনি বলেন, জনগণের রাস্তায় নামা এখনো গুরুত্বপূর্ণ। জনসমাবেশে আপনাদের কণ্ঠস্বর আলোচনার ফলাফলে প্রভাব ফেলবে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন