ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৮:২৪ পিএম
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

পবিত্র ঈদুল আজহা কত তারিখে হতে পারে, সে বিষয়ে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে একটি সম্ভাব্য তারিখ জানিয়েছে শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রনোমি হাব (এসএসএএইচ)। 

সংস্থাটির মতে, ২০২৬ সালের ঈদুল আজহা আগামী ২৭ মে অনুষ্ঠিত হতে পারে। শুক্রবার গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

শারজাহ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ এই সংস্থাটি জানায়, আগামী ১৮ মে জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে হজ বা আরাফার দিন হবে ২৬ মে এবং পরের দিন ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। 

বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী, ১৭ মে রাত ১২টা ১৭ মিনিটে চাঁদের সংযোগ ঘটবে এবং সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে প্রায় ১৮ ঘণ্টা ৩৯ মিনিট। দিগন্তের ওপরে চাঁদ প্রায় ৫৭ মিনিট দৃশ্যমান থাকবে বিধায় অনুকূল আবহাওয়ায় খালি চোখে চাঁদ দেখা সম্ভব হতে পারে।

এসএসএএইচের পরিচালক প্রফেসর হামিদ এম. কে. আল নাঈমি জানান, এই বৈজ্ঞানিক তথ্যগুলো ইতোমধ্যেই আমিরাতের ফতোয়া কাউন্সিলের কাছে জমা দেওয়া হয়েছে। চাঁদ দেখার প্রক্রিয়া সহজ করতে এবং শরিয়া ও বিজ্ঞানের সমন্বয় ঘটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

তবে সংস্থাটি স্পষ্ট করেছে যে, এই তথ্য কেবলমাত্র বৈজ্ঞানিক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। হিজরি মাসের শুরু এবং ধর্মীয় উৎসবের চূড়ান্ত ঘোষণা দেওয়ার একমাত্র এখতিয়ার সংশ্লিষ্ট সরকারি ও ধর্মীয় কর্তৃপক্ষের হাতে রয়েছে।

জেএইচআর