ইরানে ২ ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: মে ২, ২০২৬, ০৬:১৯ পিএম
ইরানে ২ ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, অভিযুক্তদের একজন মধ্য ইসফাহান প্রদেশের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার আশপাশ থেকে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য সংগ্রহে জড়িত ছিলেন।

ইরানের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ইয়াকুব কারিমপুর ও নাসের বাকরজাদেহ ইসরায়েল এবং তাদের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে তথ্য আদান-প্রদানের অভিযোগে দোষী সাব্যস্ত হন। পরবর্তীতে তাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

অভিযোগে বলা হয়েছে, কারিমপুর সংগৃহীত গুরুত্বপূর্ণ তথ্য মোসাদের এক কর্মকর্তার কাছে পৌঁছে দিতেন। অপরদিকে, বাকরজাদেহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি, ধর্মীয় নেতা এবং কৌশলগত স্থাপনাগুলোর ওপর নজরদারি চালিয়ে বিশেষ করে নাতাঞ্জ এলাকার তথ্য সংগ্রহ করতেন।

উল্লেখ্য, ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে প্রায়ই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে এসব ক্ষেত্রে অভিযোগের পক্ষে বিস্তারিত প্রমাণ প্রকাশ না করার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা রয়েছে।

এম জি