ইরানের সঙ্গে আলোচনায় বড় অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী এক সপ্তাহের মধ্যেই দুই পক্ষের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা চূড়ান্ত হতে পারে।
বুধবার ফক্স নিউজের এক সরাসরি অনুষ্ঠানে সাংবাদিক ব্রেট বায়ার জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার ফোনালাপ হয়েছে। সেখানে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা নিয়ে তিনি আশাবাদী, যদিও বিষয়টিকে তিনি এখনই নিশ্চিত সাফল্য হিসেবে দেখছেন না।
বায়ারের ভাষ্য অনুযায়ী, ট্রাম্প মনে করছেন আলোচনায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে এবং খুব দ্রুত সময়ের মধ্যেই একটি সমঝোতার রূপরেখা দাঁড়াতে পারে। সম্ভাব্য সময়সীমা হিসেবে তিনি এক সপ্তাহের কথা উল্লেখ করেন।
প্রস্তাবিত চুক্তিতে মূলত দুটি বিষয়কে কেন্দ্র করে আলোচনা চলছে। এর মধ্যে রয়েছে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সীমিতকরণ এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক নৌযান চলাচল নিরাপদ ও উন্মুক্ত রাখা।
হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনার অগ্রগতি সন্তোষজনক। উভয় পক্ষই একটি সমাধানে পৌঁছাতে আগ্রহী, তবে চূড়ান্ত ফলাফল এখনো অনিশ্চিত।
এদিকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ও পাল্টাপাল্টি সামরিক অবস্থানের কারণে উপসাগরীয় অঞ্চলে অস্থিরতা তৈরি হয়েছে। কয়েক দফা সংঘর্ষ ও মধ্যস্থতামূলক উদ্যোগের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
বিশ্লেষকদের মতে, নতুন করে আলোচনায় অগ্রগতি হলে তা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কিছুটা প্রশমিত করতে পারে। তবে এখনো চূড়ান্ত চুক্তি নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন