ভারতের কর্ণাটক রাজ্যে শিক্ষার্থীদের ইউনিফর্ম সংক্রান্ত পূর্ববর্তী বিতর্কিত নির্দেশনা প্রত্যাহার করেছে বর্তমান কংগ্রেস সরকার।
বৃহস্পতিবার জারি করা নতুন নির্দেশনায় বলা হয়েছে, স্কুল ও প্রি-ইউনিভার্সিটি কলেজের শিক্ষার্থীরা নির্ধারিত ইউনিফর্মের পাশাপাশি সীমিত পরিসরে ধর্মীয় প্রতীক ব্যবহার করতে পারবে।
এই সিদ্ধান্তের ফলে মুসলিম ছাত্রীদের হিজাব পরিধানে আর কোনো আইনি বাধা থাকছে না। একই সঙ্গে শিক্ষার্থীরা চাইলে পাগড়ি, শিবধারা ও রুদ্রাক্ষের মতো ধর্মীয় প্রতীকও পরতে পারবে। তবে নির্দেশনায় শর্ত রাখা হয়েছে, এসব ধর্মীয় প্রতীক অবশ্যই স্কুল ইউনিফর্মের সঙ্গে মানানসই হতে হবে।
এর আগে ২০২২ সালে তৎকালীন বিজেপি সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে সব ধরনের ধর্মীয় পোশাক ও প্রতীক নিষিদ্ধ করে একটি নির্দেশনা জারি করেছিল। ওই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ব্যাপক বিতর্ক, উত্তেজনা ও বিক্ষোভ সৃষ্টি হয়, যা পরে আদালত পর্যন্ত গড়ায়।
বর্তমান কংগ্রেস সরকারের এই নতুন নির্দেশনাকে আগের নীতির সম্পূর্ণ বিপরীত হিসেবে দেখা হচ্ছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল পরিবেশ বজায় রাখতেই এই নীতিগত পরিবর্তন আনা হয়েছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন