নাইজেরিয়ার সাবেক বিদ্যুৎমন্ত্রী সালেহ মাম্মানকে ৭৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ৩৩ দশমিক ৮ বিলিয়ন নাইরা অর্থ পাচারের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। দেশটির দুর্নীতিবিরোধী অভিযানে এ রায়কে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
গত সপ্তাহে আদালত মাম্মানকে মোট ১২টি অভিযোগে দোষী ঘোষণা করে। অভিযোগে বলা হয়, সরকারি অর্থায়নে পরিচালিত বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অর্থ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পাচার করা হয়েছে।
বুধবার রাজধানী আবুজার একটি উচ্চ আদালত তার অনুপস্থিতিতেই এই সাজা ঘোষণা করে। একই সঙ্গে আদালত তাকে ২২ বিলিয়ন নাইরা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে।
দেশটির অর্থনৈতিক ও আর্থিক অপরাধ কমিশন জানিয়েছে, দোষী সাব্যস্ত হওয়ার পর থেকেই সালেহ মাম্মান নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কারণে সোমবার আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
৬৮ বছর বয়সী মাম্মান ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির সরকারের বিদ্যুৎমন্ত্রী ছিলেন। পরে মন্ত্রিসভা পুনর্গঠনের সময় তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
সাজা ঘোষণার কয়েক সপ্তাহ আগেই তিনি ২০২৭ সালের নির্বাচনে তারাবা রাজ্যের গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন এবং এ জন্য দলীয় মনোনয়ন ফরমও সংগ্রহ করেন।
এ ঘটনার পর নাইজেরিয়ায় দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট নিয়ে জনমনে নতুন করে ক্ষোভ তৈরি হয়েছে। আফ্রিকার অন্যতম বড় জ্বালানি উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও সেখানে নিয়মিত বিদ্যুৎ বিভ্রাট ঘটে। ফলে অনেক মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠান এখনো জেনারেটরের ওপর নির্ভরশীল।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন