যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে বিমান প্রদর্শনীর সময় মাঝআকাশে সংঘর্ষে বিধ্বস্ত হয়েছে মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধবিমান। ভয়াবহ এ দুর্ঘটনায় বিমান দুটি ধ্বংস হলেও তাতে থাকা চারজন ক্রুই প্রাণে বেঁচে গেছেন।
রোববার স্থানীয় সময় বিকেলে মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসে আয়োজিত ‘গানফাইটার স্কাইজ এয়ার শো’-তে অংশ নিয়েছিল বিমান দুটি। প্রদর্শনীর একপর্যায়ে আকাশে কসরত দেখানোর সময় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে সেগুলো।
দুর্ঘটনার পরপরই যুদ্ধবিমান দুটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটির দিকে ছুটে যায়। পরে সেগুলো ভূপাতিত হয়ে বিস্ফোরণে আগুন ধরে যায়। ঘটনাস্থলজুড়ে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।
তবে দুর্ঘটনার আগেই বিমানে থাকা চারজন ক্রু জরুরি ইজেকশন পদ্ধতিতে বেরিয়ে আসেন। পরে তাদের প্যারাশুটের মাধ্যমে নিরাপদে মাটিতে নামতে দেখা যায়।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিধ্বস্ত বিমান দুটি ছিল মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক ইএ-১৮জি গ্রাউলার মডেলের। এগুলো ওয়াশিংটনের হুইডবি আইল্যান্ড ঘাঁটির একটি স্কোয়াড্রনের অধীন ছিল।
ঘটনার পরপরই সামরিক উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। নিরাপত্তার কারণে পুরো সামরিক ঘাঁটিতে লকডাউন জারি করা হয় এবং বিমান প্রদর্শনীর বাকি আয়োজন বাতিল করা হয়।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রদর্শনীর সময় সমন্বয়জনিত ত্রুটির কারণেই সংঘর্ষের ঘটনা ঘটে থাকতে পারে।
সূত্র: বিবিসি
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন