ইরানের সঙ্গে চলমান আলোচনা নিয়ে আবারও অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিন আগেও তিনি বলেছিলেন, তেহরানের সঙ্গে সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে। তবে এবার আলোচনায় তাড়াহুড়া না করার নির্দেশ দিয়েছেন তিনি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, আলোচনা ইতিবাচকভাবে এগোলেও চুক্তি সম্পন্ন করতে দুই পক্ষেরই সময় নেওয়া উচিত। তিনি বলেন, ভুল করার সুযোগ নেই এবং সবকিছু সতর্কতার সঙ্গে শেষ করতে হবে।
মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আলোচনায় থাকা সম্ভাব্য চুক্তিতে ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানো, হরমুজ প্রণালি আবার চালু করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে।
যদিও ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন, চুক্তির মূল কাঠামো প্রায় ঠিক হয়ে গেছে। এরপর দ্রুত সমঝোতার সম্ভাবনা নিয়ে নানা আলোচনা শুরু হয়। তবে ইরানি সূত্রগুলো বলছে, এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও জানিয়েছেন, আলোচনায় অগ্রগতি হলেও সব ইস্যুতে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এদিকে সম্ভাব্য সমঝোতা নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও দেখা দিয়েছে বিভক্তি। রিপাবলিকান দলের কয়েকজন নেতা ট্রাম্প প্রশাসনের অবস্থানকে অতিরিক্ত নমনীয় বলে সমালোচনা করেছেন। সিনেটর টেড ক্রুজ একে “বড় ভুল” হিসেবে আখ্যা দিয়েছেন।
অন্যদিকে ট্রাম্প প্রশাসনের সমর্থকরা বলছেন, এই আলোচনার মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে আনতে সক্ষম হয়েছে ওয়াশিংটন।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার নেয়। পাল্টা জবাবে ইরানও বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। পরে এপ্রিল মাসে সীমিত যুদ্ধবিরতি কার্যকর হয়, যা এখনো মোটামুটি বজায় রয়েছে।
আলোচনায় ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়টিও উঠে এসেছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করছে। তবে তেহরান বরাবরের মতোই বলছে, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে।
এদিকে ইরানের ওপর চাপ বজায় রাখতে দেশটির বন্দর অবরোধ অব্যাহত রাখার কথাও জানিয়েছেন ট্রাম্প। অন্যদিকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইরান, যার প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন