দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা বুধবার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৭.২ এবং ৭.৫, যা দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রথম কম্পনটি আঘাত হানে রাজধানী কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে অবস্থিত সান ফেলিপে অঞ্চলের কাছে। এর কিছুক্ষণ পর রাজধানীর পশ্চিমে প্রায় ২৯৩ কিলোমিটার দূরে ইউমার এলাকার কাছে আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়।
প্রাথমিক মূল্যায়নে ইউএসজিএস সতর্ক করেছে যে এ ঘটনায় বড় ধরনের প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতির আশঙ্কা রয়েছে। সংস্থাটির সম্ভাব্য হিসাব অনুযায়ী, হতাহতের সংখ্যা উল্লেখযোগ্য মাত্রায় পৌঁছাতে পারে।
এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের অভিঘাতে রাজধানী কারাকাসের কয়েকটি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেয়ো রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি ও হতাহতের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি। উদ্ধারকারী সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি সহায়তা কার্যক্রম শুরু হয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন