“আমার জীবনে কখনোই অর্থ আত্মসাৎ বা দুর্নীতির অভিযোগ ওঠেনি। আমি স্বীকার করি, ডামি নির্বাচন হয়েছে, প্রহসনের নির্বাচন হয়েছে। তবে এর জন্য কমিশনাররা দায়ী নন। আমাদের কোনো উপায় ছিল না।”
এভাবেই আদালতের সামনে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বৃহস্পতিবার রাষ্ট্রদ্রোহ ও প্রহসনের নির্বাচনের অভিযোগে দায়ের করা মামলার শুনানিতে এসব কথা বলেন তিনি।
শুনানির সময় তিনি আদালতের কাছে নিজের নির্দোষিতা তুলে ধরার চেষ্টা করেন এবং বলেন, কমিশনারদের সীমাবদ্ধতার কথা বুঝতে হবে।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
উল্লেখ্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান গত ২২ জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় এই মামলা দায়ের করেন। পরে মামলায় রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারা যুক্ত করা হয়।
মামলায় আরও উল্লেখ করা হয়, সাবেক আওয়ামী লীগ সরকারের সময়ে হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ভয়ভীতি, গায়েবি মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে বিরোধী রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ ছাড়া একতরফাভাবে নির্বাচন সম্পন্ন করে।
এ মামলায় হাবিবুল আউয়াল ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, একাধিক সাবেক আইজিপি ও নির্বাচন কমিশনারসহ ২০ জনের বেশি ব্যক্তি আসামি হিসেবে তালিকাভুক্ত রয়েছেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন