বনজ কুমারের মামলায় খালাস পেলেন সাংবাদিক ইলিয়াস

আদালত প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৮:৩৭ পিএম
বনজ কুমারের মামলায় খালাস পেলেন সাংবাদিক ইলিয়াস

মিতু হত্যা মামলায় মিথ্যা ও অসত্য তথ্য প্রচারের অভিযোগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সাবেক প্রধান বনজ কুমার মজুমদারের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক ইলিয়াস হোসেনকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলম ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেন। 

ট্রাইব্যুনালের পেশকার মোহাম্মদ জুয়েল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বলেন, “আজ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। কোনো সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করেন। আদালত সাক্ষ্য সমাপ্ত ঘোষণা করে এবং রায় ঘোষণার মাধ্যমে ইলিয়াসকে খালাস দেন।”

মামলার প্রাথমিক তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৩ সালের ৯ এপ্রিল ধানমন্ডি মডেল থানার পুলিশ পরিদর্শক মো. রবিউল ইসলাম চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এর আগে ২০২৩ সালের ২৫ জুলাই সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াত মামলায় সাবেক এসপি বাবুল আক্তার ও তার বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়াকে অব্যাহতি দেন। একই সঙ্গে অপর আসামি সাংবাদিক ইলিয়াস হোসেন ও বাবুলের ভাই মো. হাবিবুর রহমান লাবুর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন।

২০২৪ সালের ১৮ জানুয়ারি বিচারক জুলফিকার হায়াত বাবুলের ভাই মো. হাবিবুর রহমান লাবুকে অব্যাহতি দেন এবং ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলার বিচার শুরু করেন। মামলার বিচার চলাকালীন আদালতে মোট ১৩ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।

ইএইচ