সাবেক আইনমন্ত্রীর পিএসের ১১৪টি ব্যাংক একাউন্ট জব্দের নির্দেশ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৫:০১ পিএম
সাবেক আইনমন্ত্রীর পিএসের ১১৪টি ব্যাংক একাউন্ট জব্দের নির্দেশ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী তৌফিকা করিমের ১১৪টি ব্যাংক একাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। আদালতের তথ্য অনুযায়ী, এসব একাউন্টে অবৈধ লেনদেনের পরিমাণ ৬৫৩ কোটি ৩৬ লাখ টাকা।

আদালতে বলা হয়, তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রীর বান্ধবী ও পিএস হিসেবে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অপকর্মের মাধ্যমে অর্থ উপার্জন করেছেন। উপার্জিত অর্থ দিয়ে ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় করা এবং বিদেশে অর্থপাচার ও মানিলন্ডারিংয়ের মাধ্যমে ১১৪টি ব্যাংক একাউন্ট পরিচালিত হয়েছে।

এ হিসাবগুলোর মধ্যে ৬৫৩ কোটি ৩৬ লাখ ৫৮ হাজার ১৩১ টাকা জমা এবং ৫৬৬ কোটি ৩৮ লাখ ১৭ হাজার ৫৭৫ টাকা উত্তোলন হয়েছে। বর্তমানে একাউন্টে ৮৬ কোটি ৯৮ লাখ ৪০ হাজার ৫৫৬ টাকা স্থিতি রয়েছে।

আদালত উল্লেখ করেন, সন্দেহভাজন ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে সংঘবদ্ধভাবে অবৈধভাবে অর্থ পাচার করেছেন। এটি মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২(শ) (২৬) ও (১৪) ধারা অনুযায়ী অপরাধ। তাই ব্যাংক হিসাবগুলো ফ্রিজ করা প্রয়োজন, যাতে অর্থ অন্যত্র হস্তান্তর না হয়।

সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আদালত বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, বাংলাদেশ ব্যাংককে একাউন্টগুলো স্থায়ীভাবে জব্দ করার নির্দেশ দিয়েছেন।

জেএইচআর