গণহত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের মৃত্যুদণ্ড

আদালত প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ০৩:১২ পিএম
গণহত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগে করা মামলাগুলোর মধ্যে এটিই প্রথম, যার রায় সোমবার ঘোষণা করা হলো।

দুপুর ১২টা ৪০ মিনিটে ছয়টি অধ্যায়ে সাজানো ৪৫৩ পৃষ্ঠার রায়ের পাঠ শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী। 

ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে আরও ছিলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ। প্রায় আড়াই ঘণ্টা ধরে সংক্ষিপ্ত রায় পাঠ শেষে দুপুর ২টা ৫০ মিনিটে ট্রাইব্যুনাল কামালের সর্বোচ্চ শাস্তি ঘোষণা করে।

মামলায় প্রধান আসামি কামাল পলাতক থাকলেও গ্রেপ্তার হয়ে এক বছর ধরে কারাগারে আছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি আদালতে রাষ্ট্রপক্ষের রাজসাক্ষী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সাক্ষ্য দিয়েছেন। তার সাজা নির্ধারণ প্রসিকিউশন ট্রাইব্যুনালের বিবেচনার ওপর ছেড়ে দেয়। 

সোমবার সকাল ৯টা ১০ মিনিটে কঠোর নিরাপত্তায় প্রিজনভ্যানে করে মামুনকে আদালতে হাজির করা হয়। হাজতখানায় প্রবেশের সময় তাকে নিচের দিকে তাকানো অবস্থায় দেখা যায়।

রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল চত্বর ও সুপ্রিম কোর্ট এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ, র‌্যাব, এপিবিএন, বিজিবির পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেন। গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষণিক নজরদারিতে ছিলেন। 

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর থেকেই দোয়েল চত্বর থেকে শিক্ষাভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ রাখা হয় এবং সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়।

গত ১৩ নভেম্বর ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণার দিন ঠিক করে।

ইএইচ