ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রোজা ও দুর্গাপূজাকে ‘মুদ্রার এপিঠ-ওপিঠ’ উল্লেখ করে তার দেওয়া মন্তব্যকে কেন্দ্র করে এই মামলাটি করা হয়।
রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন ঢাকা আইনজীবী সমিতির কয়েকজন সদস্য। এ বিষয়ে সন্ধ্যায় এক বিবৃতি প্রকাশের মাধ্যমে প্রতিক্রিয়া জানান অ্যাডভোকেট শিশির মনির।
তার বিবৃতিতে তিনি উল্লেখ করেন, "আজ ঢাকার বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালতে আমার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার বাদী ও সাক্ষীরা ঢাকা আইনজীবী সমিতির সদস্য এবং প্রাথমিক তথ্যে জানা যায়, তারা একটি রাজনৈতিক দলের কর্মী।"
তিনি আরও বলেন, "আইনের আশ্রয় নেওয়ার সুযোগ সবার আছে। তবে মামলার বিষয়বস্তু পড়ে মনে হয়েছে, বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য অর্জনের জন্য আমার আইনজীবী বন্ধুরা অতিরিক্ত উৎসাহী হয়ে এটি করেছেন।"
অ্যাডভোকেট শিশির মনির জানান, তারা আইনের শাসনে বিশ্বাসী এবং "উপযুক্ত আদালতে যথাসময়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।"
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন