রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কেন্দ্র ‘ছায়ানট’ ভবনে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
রোববার ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২০ ডিসেম্বর রাতে সংঘটিত এই হামলার ঘটনায় ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
ছায়ানট কর্তৃপক্ষ জানিয়েছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর একদল দুর্বৃত্ত রাতের অন্ধকারে ভবনে প্রবেশ করে। তারা ভবনের বিভিন্ন কক্ষে ব্যাপক ভাঙচুর চালায়। বিশেষ করে সিসিটিভি ক্যামেরা, আসবাবপত্র এবং সংগীত চর্চার অমূল্য উপকরণ যেমন- তবলা, হারমোনিয়াম ও বেহালাসহ অসংখ্য বাদ্যযন্ত্র ভেঙে ফেলে এবং অগ্নিসংযোগ করে। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।
হামলার খবর পেয়ে ছায়ানট ভবন পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। তিনি ক্ষতিগ্রস্ত কক্ষগুলো ঘুরে দেখেন এবং কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে তিনি জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং এর ভিত্তিতে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে এ ধরনের হামলা বরদাশত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন