দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিসিএসের প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী ওরফে জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। মামলার তদন্ত তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এসময় আদালতে সিয়ামের আইনজীবী তৌহিদুল ইসলাম তার রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। দুদকের আইনজীবীদের মধ্যে পাবলিক প্রসিকিউটর তরিকুল ইসলামসহ অনেকে তার রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন।
গত বৃহস্পতিবার দুদকের সহকারী পরিচালক আল আমিন তাকে গ্রেপ্তার দেখানোসহ সাত দিনের রিমান্ড আবেদন করেন। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য আজ ২৬ জানুয়ারি দিন ধার্য করেন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন