বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর মোহাম্মদপুর থানার এক হত্যাচেষ্টা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখান। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
এদিন আসামি ফাহিমকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মমিনুল ইসলাম তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মুহাম্মদ শামছুদ্দোহা সুমন তাকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর পুলিশ প্রহরায় তাকে আদালতের হাজতখানায় নেওয়া হয়।
এর আগে গত ২৯ মার্চ বিকেলে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে তাকে আটক করে জনতা ও একদল শিক্ষার্থী। এরপর রাজধানীর শাহ আলী থানা পুলিশের কাছে সোপর্দ করে তারা। পরে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। গত ৩০ মার্চ বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর গুলশান থানার মো. ইমরান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের বছিলা এলাকায় র্যাব কোয়ার্টারের সামনে মিছিল করছিল আন্দোলনকারীরা। বিকেল সাড়ে তিনটার দিকে মিছিলে গুলিবর্ষণ করা হয়। এতে আহত হন মাসুদ হোসাইন। পরে হাসপাতালে চিকিৎসা নেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় বুকে ইনফেকশন ধরা পড়ায় অপারেশনও করেন।
এ ঘটনায় গত বছরের ১০ জুলাই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করেন মাসুদ হোসাইন।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন