সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৩, ২০২৬, ০৩:৪৯ পিএম
সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হয়েছে। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা এ মামলায় তার বিরুদ্ধে আদালত অভিযোগ গ্রহণ করেছেন।

রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন শুনানি শেষে অভিযোগ গঠনের আদেশ দেন। একইসঙ্গে আগামী ১৩ মে সাক্ষ্যগ্রহণের জন্য দিন নির্ধারণ করা হয়েছে।

শুনানিকালে দুর্নীতি দমন কমিশনের পক্ষে আইনজীবী মীর আহমেদ আলী সালাম অভিযোগ গঠনের পক্ষে যুক্তি তুলে ধরেন। তবে আসামি পলাতক থাকায় তার পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী সোহানুর রহমান।

মামলার নথি অনুযায়ী, দুদকের উপ-পরিচালক হাফিজুল ইসলাম ২০২৪ সালের ১৫ ডিসেম্বর এ মামলা দায়ের করেন। তদন্ত শেষে তিনি গত বছরের ৩০ নভেম্বর চার্জশিট দাখিল করেন, যেখানে বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থপাচারের অভিযোগ আনা হয়।

তদন্তে উঠে এসেছে, ঘোষিত সম্পদের তুলনায় তার প্রকৃত সম্পদের পরিমাণ অনেক বেশি। তার দাখিল করা বিবরণীতে উল্লেখিত সম্পদের বাইরে অতিরিক্ত বিপুল সম্পদের প্রমাণ পাওয়া গেছে। বৈধ আয়ের তুলনায় এ সম্পদের উৎস অসংগতিপূর্ণ হওয়ায় প্রায় ১১ কোটি টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

চার্জশিটে আরও বলা হয়, এসব অর্থের উৎস গোপন রেখে বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান ও বিনিয়োগ খাতে স্থানান্তর করা হয়েছে, যা মানিলন্ডারিংয়ের শামিল।

এ মামলার পরবর্তী কার্যক্রম হিসেবে নির্ধারিত তারিখে সাক্ষ্যগ্রহণ শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট আদালত।

এএন