নাশকতার মামলায় সাবেক এমপি বুবলী গ্রেপ্তার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৪, ২০২৬, ১২:৪০ পিএম
নাশকতার মামলায় সাবেক এমপি বুবলী গ্রেপ্তার

রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় নরসিংদীর সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ প্রদান করেন।

এদিন, মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. শরিফুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী শুনানিতে জানান, আলোচিত ওই নাশকতামূলক ঘটনার সাথে বুবলীর ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী তাহমিনা তাহেরীণ মুমু জামিনের আবেদন করে বলেন, মিছিলে অর্থ জোগানের যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এর কোনো দালিলিক প্রমাণ নেই। আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ৭ সেপ্টেম্বর দুপুরে তেজগাঁওয়ের বিজয় সরণি এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি রাষ্ট্রবিরোধী মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করে উসকানিমূলক স্লোগান দেন এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটান। পুলিশ ঘটনাস্থল থেকে মিরাজুল ইসলাম ওরফে মিঠু নামে একজনকে ককটেলের আলামতসহ হাতেনাতে গ্রেপ্তার করে।

পরবর্তী তদন্তে ও গ্রেপ্তারকৃত আসামির স্বীকারোক্তিতে জানা যায়, তামান্না নুসরাত বুবলী ওই মিছিলের প্রধান অর্থ জোগানদাতা ছিলেন।

উল্লেখ্য, বুবলী গত বছরের ২৯ সেপ্টেম্বর থেকে অন্য একটি মামলায় বর্তমানে জেলহাজতে রয়েছেন। নাশকতার এই মামলায় অধিকতর তদন্তের স্বার্থে তাঁকে পুনরায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

জেএইচআর