রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় নতুন এক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল জলিল মণ্ডল এই মামলায় রাজসাক্ষী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে আবদুল জলিল মণ্ডলের পক্ষে তাঁর আইনজীবী মোহাম্মদ আলী হায়দার জামিন আবেদন উপস্থাপন করেন।
এ সময় আইনজীবী আদালতকে জানান, তাঁর মক্কেল আলোচিত এই মামলায় রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে আগ্রহী। তবে বিষয়টি পর্যালোচনা শেষে ট্রাইব্যুনাল তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।
বর্তমানে আবদুল জলিল মণ্ডল এই মামলার একজন আসামি হিসেবে বিচারিক প্রক্রিয়ার আওতায় রয়েছেন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন