সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন। সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মোহাম্মদ আলী।
বৃহস্পতিবার ১৪ মে দিবাগত রাত ২টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন উপ-কমিটির আহ্বায়ক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী।
নির্বাচনে ১৪টি পদের মধ্যে বিএনপি সমর্থিত প্যানেল জয় পেয়েছে ১৩টিতে। অন্যদিকে জামায়াত সমর্থিত প্যানেল পেয়েছে একটি সদস্য পদ।
এর আগে দুই দিনব্যাপী নির্বাচনে মোট ৪ হাজার ৪৮টি ভোট পড়ে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে ১৩ ও ১৪ মে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে এক ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে এ এম মাহবুব উদ্দিন খোকন, সহসভাপতি পদে মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান এবং সম্পাদক পদে মোহাম্মদ আলী বিজয়ী হয়েছেন।
এছাড়া কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান এবং সহসম্পাদক পদে মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল ও মাকসুদ উল্লাহ নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে বিজয়ী হয়েছেন এ কে এম আজাদ হোসেন, এইচ এম সানজিদ সিদ্দিকী, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী।
অন্যদিকে সাতটি সদস্য পদের একটিতে জয় পেয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন