জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী ও দুদকের পিপি অ্যাডভোকেট এ কে এম আজিজুল হক খান এই নোটিশটি পাঠান।
নোটিশে বলা হয়, সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী তার বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কন্যাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন, যা জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং অনেকের অনুভূতিতে আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে। নোটিশ প্রদানকারী নিজেও এ ঘটনায় মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে উল্লেখ করেন।
এছাড়া তার ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করা হয়েছে, কেন তার বিরুদ্ধে মানহানির মামলা করা হবে না-সে বিষয়ে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে আদালতে আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কতাও দেওয়া হয়েছে।
নোটিশে যোগাযোগের জন্য ঠিকানা হিসেবে ময়মনসিংহ জজ কোর্ট, জুবেদ আলী ভবন, কক্ষ নম্বর-৮৫ এবং জেলা আইনজীবী সমিতির ঠিকানা উল্লেখ করা হয়েছে।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন