বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের স্টোরিতে দেওয়া এক বার্তায় তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
জাইমা রহমান লিখেন, “আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে ছোট একটি ব্যক্তিগত সাফল্যের কথা শেয়ার করতে চাই। দেশে আইন প্র্যাক্টিসের জন্য আজ বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় অংশ নিই এবং আল্লাহর রহমতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।” জানা গেছে, তিনি বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
শুক্রবার রাতেই বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবারের পরীক্ষায় মোট ৩৭ হাজার ৮০ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন, যার মধ্যে প্রথম ধাপে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ২০১ জন।
নিয়ম অনুযায়ী, এমসিকিউ, লিখিত ও মৌখিক এই তিন ধাপের পরীক্ষায় উত্তীর্ণরাই কেবল আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে পারেন। প্রাথমিক এই ধাপে উত্তীর্ণরা পরবর্তী লিখিত পরীক্ষার জন্য বিবেচিত হবেন। চূড়ান্তভাবে সফল প্রার্থীরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ব্যতীত দেশের অন্যান্য নিম্ন আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় নিয়োজিত হওয়ার সুযোগ পাবেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন