কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেছেন, আমাদের ঈদযাত্রা শুরু হলো। কয়েকটি ট্রেন ছাড়া সবগুলো ট্রেনই শিডিউল অনুযায়ী ছেড়েছে। শুধু রংপুর এক্সপ্রেস, নীল সাগর এক্সপ্রেস, ধুমকেতু এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস দেরিতে ছেড়েছে। ট্রেন বিলম্বে আসায় ছাড়তে দেরি হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) সকালে নিজ কার্যালয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ার সব প্রস্তুতি আমাদের রয়েছে। আশা করি, সামনের দিনগুলোতে এই বিপর্যয় আর থাকবে না।
তিনি বলেন, সোমবার (৪ জুলাই) ওই পারে একটি ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে। সে কারণে ট্রেন আসতে দেরি হয়েছে। এখান থেকে ছাড়তেও দেরি হয়েছে।
স্টেশন ম্যানেজার বলেন, একটা সময় ছিল যখন সকালের ট্রেন বিকেলে, বিকেলের ট্রেন রাত ১২টায় বা পরের দিন এসেছে। এখন সে অবস্থা নেই। আমরা চাই মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে। সবাই আনন্দ করার জন্যই বাড়ি যাচ্ছে, এতে যেন কোনো বিঘ্ন না ঘটে।
মাসুদ সারওয়ার বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটলে বা দুর্ঘটনা না হলে আমরা ঈদযাত্রার বাকি দিনগুলোতে ঠিক সময়েই ট্রেন ছাড়তে পারব।
এবি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন