ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্রিটিশ কাউন্সিলের সামনে প্রাইভেট কার চালিয়ে যাওয়ার সময় এক শিশুকে বাঁচাতে গিয়ে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম (২৮) আহত হয়েছে। পরে তিনি চক্ষু বিভাগে চিকিৎসা নিয়ে চলে যান।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
সারজিস আলম জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বাংলামোটর কেন্দ্রীয় অফিসে যাচ্ছিলেন। ব্রিটিশ কাউন্সিলের সামনে আসলে একটি শিশু গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়। তখন প্রাইভেটকার সজোরে ব্রেক করলে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে আহত হন তিনি।
ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জাবির হোসেন বলেন, সমন্বয়ক সারজিস আলম আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। তার বাম চোখের পাশে সামান্য কেটে গিয়েছে। চক্ষু বিভাগে তার ক্ষত জায়গায় একটি সেলাই দেয়া হয়েছে। তবে তার চোখ ও মাথায় কোন চোট লাগেনি। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন