বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন (বিপিএস) বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খানের আরইবি-পিবিএসের বিদ্যমান সংকট সম্পর্কিত বিবৃতির প্রতিবাদ জানিয়ে জানিয়েছে, তাদের দাবির যৌক্তিকতা উপেক্ষা করে বিভ্রান্তিকর মন্তব্য করা হয়েছে। সংগঠনটি জানিয়েছে, দাবি বাস্তবায়নে গণছুটি কর্মসূচি অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার এক বার্তায় বিপিএস জানায়, বিদ্যুৎ উপদেষ্টার মন্তব্য মূল সমস্যা এড়িয়ে কৌশলে বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করে করা হয়েছে। এতে দাবির যৌক্তিকতা বোঝা যায়নি এবং আন্দোলনকে দেশবিরোধী ষড়যন্ত্র বা নির্বাচন পেছানোর প্রচেষ্টা হিসেবে দেখানো হয়েছে, যা সংস্থার মতে, অনাকাঙ্ক্ষিত।
বার্তায় বলা হয়, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের বারবার দমন-পীড়নের মাধ্যমে আন্দোলনে বাধ্য করা হচ্ছে। বিদ্যুৎ বিভাগের সঙ্গে সরাসরি যোগাযোগ না থাকায় আরইবি ভুল তথ্য ব্যবহার করে বিদ্যুৎ বিভাগকে বিভ্রান্ত করছে। কর্মস্থল বদলির দাবিও বাস্তবে সমাধান হয়নি।
বিপিএস আরও উল্লেখ করেছে, গত ১৭ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ৮ জনকে বিনা নোটিশে চাকরিচ্যুত এবং ২৮ জনকে স্ট্যান্ড রিলিজপূর্বক বরখাস্ত করা হয়েছে। আন্দোলনের কারণে ১৭২ জনের নামে রাষ্ট্রদ্রোহ মামলা, ২০ জন কর্মকর্তাকে দীর্ঘদিন জেল খাটানো, ৪০ জনকে চাকরিচ্যুত এবং ৮৭ জনকে বরখাস্ত ও সংযুক্ত করা হয়েছে। এছাড়া সাড়ে ৬ হাজার জনকে শাস্তিমূলক বদলিতে পাঠানো হয়েছে।
সংগঠনটি সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে, আলোচনার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে। ততদিন পর্যন্ত স্টেশনে অনুপস্থিত থেকে গণছুটি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিপিএস।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন