ভারত সফরে থাকা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, ঢাকার অবস্থান স্পষ্ট, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপকে বাংলাদেশ সমর্থন করে না।
দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সপ্তম জাতীয় উপদেষ্টা সম্মেলন ‘কলম্বো সিকিউরিটি কনক্লেভ’-এর অধিবেশনে বৃহস্পতিবার তিনি এ বক্তব্য দেন।
তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির অন্যতম ভিত্তি হলো জাতীয় সার্বভৌমত্ব সংরক্ষণ, সমতা, রাজনৈতিক স্বাধিকার ও এক দেশের ব্যাপারে অন্য দেশের অনধিকারচর্চা না করা।
পাশাপাশি বাংলাদেশ মনে করে উন্মুক্ত, শান্তিপূর্ণ, নিরাপদ ও সবার অংশগ্রহণমূলক ভারত মহাসাগর অঞ্চল গঠনে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের নীতিগুলো অনুসরণ করা জরুরি।
আন্তর্জাতিক বিরোধ শান্তিপূর্ণ পথে নিষ্পত্তির বিষয়টিও তিনি গুরুত্ব দিয়ে উল্লেখ করেন।
খলিলুর রহমান আরও জানান, সন্ত্রাস দমনে বাংলাদেশ দীর্ঘদিন ধরে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলছে এবং এ অবস্থান আগের মতোই বজায় থাকবে।
আঞ্চলিক স্থিতিশীলতা, মানবিক সহায়তা, মৌলিক অধিকার রক্ষা এবং টেকসই উন্নয়নে দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তিনি তার বক্তব্যে তুলে ধরেন।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ভুয়া তথ্য ছড়ানো ও বিভ্রান্তিকর প্রচারণা বাংলাদেশের জন্য নতুন এক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। সাইবার নিরাপত্তা এখন দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র।
ডিজিটাল অবকাঠামো ও তথ্যপ্রযুক্তি ব্যবস্থাকে সুরক্ষিত রাখা নাগরিকদের গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি এ অঞ্চলে যেন বাংলাদেশ থেকে কোনো ঝুঁকি সৃষ্টি না হয়, সেটিও নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন