কক্সবাজারে বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সম্প্রসারণ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫, ০৬:২৪ পিএম
কক্সবাজারে বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সম্প্রসারণ

শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং তাদের সৃজনশীল চিন্তাভাবনায় উৎসাহিত করার লক্ষ্যে বিকাশ এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত দেশজুড়ে বইপড়া কর্মসূচি এবার কক্সবাজার জেলাতে সম্প্রসারিত হয়েছে। এই কর্মসূচির আওতায় এ বছর সারাদেশের মোট ৩৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪০ হাজার বই বিতরণ করা হবে।

কর্মসূচির অংশ হিসেবে সম্প্রতি কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে কক্সবাজারের চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো: বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়, কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়, কক্সবাজার মডেল হাই স্কুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আ. মান্নান, যিনি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সচিব ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সাবেক ট্রাস্টি খোন্দকার মো. আসাদুজ্জামান এবং বিকাশ এর রেগুলেটরি এন্ড কর্পোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের ভাইস-প্রেসিডেন্ট সায়মা আহসান সহ অন্যান্যরা।

বইপড়া কার্যক্রমকে আরও জনপ্রিয় করতে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের জন্য সমসাময়িক বিষয়ের ওপর একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে, ৪০ জন কুইজ বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিশ্বসাহিত্য কেন্দ্র এই কর্মসূচির মাধ্যমে পাঠ্য-পুস্তকের বাইরেও বই পড়ার অভ্যাস তৈরির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা যাতে পরিপূর্ণ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার সুযোগ পায়, সেই উদ্দেশ্য নিয়ে কাজ করে আসছে। এই উদ্যোগে আরও প্রসারিত ও কার্যকরী করতে ২০১৪ সাল থেকে বই পড়া কর্মসূচির সাথে যুক্ত আছে বিকাশ। এই দীর্ঘমেয়াদী কর্মসূচির আওতায় দেশজুড়ে এপর্যন্ত প্রায় ৪ লাখ বই বিতরণ করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ৩,০০০ শিক্ষা প্রতিষ্ঠানের ৩৩ লাখের বেশি পাঠক উপকৃত হয়েছে।

জেএইচআর