ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক না কেন, তা উপড়ে ফেলা হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি হাদিকে 'জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক' হিসেবে অভিহিত করে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
শনিবার বিকেল সাড়ে ৫টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিথিয়া গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হাদির ওপর গুলির ঘটনাটিকে বিচ্ছিন্ন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, "নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে।
তিনি অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বকে ধ্বংস করতে পতিত স্বৈরাচারের সন্ত্রাসী বাহিনী টার্গেট করেছে, কিন্তু তারা সফল হবে না।
আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে দাবি করে মো. আসাদুজ্জামান বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সরকার ও নির্বাচন কমিশন বদ্ধপরিকর। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী নির্বাচনে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবারের নির্বাচনে।
এ সময় তিনি বেগম খালেদা জিয়া এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন