নভেম্বরে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক বৃদ্ধি: নিহত ৫০৭, আহত ৮৯৯

নিজস্ব প্রতিবেদক  প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫, ০১:০৬ পিএম
নভেম্বরে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক বৃদ্ধি: নিহত ৫০৭, আহত ৮৯৯

গত নভেম্বর মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই সময়ে ৫২৬টি সড়ক দুর্ঘটনায় ৫০৭ জন নিহত এবং ৮৯৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সোমবার সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বহুল প্রচারিত ও বিশ্বাসযোগ্য জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নভেম্বর মাসে শুধু সড়কেই নয়, রেল ও নৌপথেও উল্লেখযোগ্য সংখ্যক দুর্ঘটনা ঘটেছে। রেলপথে ৪৪টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪০ জন এবং আহত হন ১ জন। আর নৌপথে ৭টি দুর্ঘটনায় নিহত হন ৬ জন এবং নিখোঁজ হন ৪ জন। সব মিলিয়ে মোট ৫৭৭টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫৫৩ জন এবং আহত হয়েছেন ৯০০ জন।

বিভাগ অনুযায়ী সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এই বিভাগে ১৫৫টি দুর্ঘটনায় ১৩২ জন নিহত ও ২৫৭ জন আহত হয়েছেন। অন্যদিকে, সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে, যেখানে ১৯টি দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৮৯ জন আহত হয়েছেন।

মোটরবাইক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। মাসটিতে ১৯৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২০১ জন নিহত এবং ১৭১ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার শিকার হওয়া মোট ৭৪৬টি যানবাহনের পরিচয় পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে মোটরসাইকেল (৩১ দশমিক ২৩ শতাংশ), ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান ও লরি (২০ দশমিক ২৪ শতাংশ), বাস (১৩ শতাংশ), ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক (১৩ শতাংশ), সিএনজিচালিত অটোরিকশা (৭ দশমিক ১০ শতাংশ), নছিমন-করিমন-মাহিন্দ্রা-ট্রাক্টর ও লেগুনা (৯ দশমিক ১১ শতাংশ) এবং কার-জিপ-মাইক্রোবাস (৬ দশমিক ১৬ শতাংশ)।

নিহত ও আহতদের মধ্যে সমাজের বিভিন্ন স্তরের মানুষ রয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক হলেন চালক (১১৩ জন), পথচারী (৯৭ জন), পরিবহন শ্রমিক (৪১ জন), শিক্ষার্থী (৪৫ জন), নারী (৮০ জন) এবং শিশু (৬০ জন)।

দুর্ঘটনা প্রতিরোধে সংগঠনটি কয়েকটি সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে: ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত মেরামত করা, রাতে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে আলোকসজ্জার ব্যবস্থা করা, দক্ষ চালক তৈরির উদ্যোগ গ্রহণ ও যানবাহনের ডিজিটাল ফিটনেস প্রদান, সড়কে চাঁদাবাজি বন্ধ করা, চালকের বেতন ও কর্মঘণ্টা সুনিশ্চিত করা এবং মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশার আমদানি ও নিবন্ধন নিয়ন্ত্রণ করা।

ইএইচ