হাদিকে গুলি, শুটার ফয়সালের বাবা ও মা গ্রেপ্তার

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ১০:৫৮ এএম
হাদিকে গুলি, শুটার ফয়সালের বাবা ও মা গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম দুই আসামি শুটার ফয়সালের বাবা ও মাকে গ্রেপ্তার করেছে র‍্যাব, ১০। গ্রেপ্তারকৃতরা হলেন শুটার ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির এবং মা মোসা. হাসি বেগম।

বুধবার র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, মঙ্গলবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিং এলাকায় এক বিশেষ অভিযান চালানো হয়। প্রযুক্তির সহায়তায় চালানো এই অভিযানে চাঞ্চল্যকর এই হত্যাচেষ্টা মামলার গুরুত্বপূর্ণ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের প্রাথমিক তদন্ত অনুযায়ী, গ্রেপ্তার দম্পতির চার সন্তানের মধ্যে শুটার ফয়সাল তৃতীয়। ঘটনার রাতে তিনি রাজধানীর আগারগাঁও এলাকায় তার বোনের বাসায় একটি ব্যাগ নিয়ে ওঠেন। পরে ব্যাগটি ভবনের ওপর থেকে নিচে ফেলে দিয়ে পুনরায় তার ভাগনের মাধ্যমে সংগ্রহ করেন। একই সময়ে তিনি নিজের একটি মোবাইল ফোন ছাদ থেকে ফেলে দেন এবং অন্যটি মায়ের কাছে রেখে আত্মগোপনে যান।

র‍্যাব আরও জানায়, ফয়সাল তার বাবা ও মায়ের সঙ্গে দেখা করার পর অবস্থান নিরাপদ মনে না হওয়ায় মিরপুর ও শাহজাদপুর এলাকায় যাতায়াত করেন। এ সময় তার বাবা সিএনজি ভাড়া করে দেওয়া এবং অর্থ প্রদানের মাধ্যমে তাকে পালিয়ে যেতে সহায়তা করেন। পরবর্তীতে গ্রেপ্তারকৃত এই দম্পতি কেরাণীগঞ্জে তাদের ছোট ছেলের বাসায় অবস্থান নেন এবং সেখান থেকে নতুন সিম সংগ্রহ করে যোগাযোগ রক্ষা করেন।

গ্রেপ্তারকৃত দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেএইচআর