ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা, ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির চিকিৎসা সিঙ্গাপুরে সফল না হওয়ায় তাকে জরুরি ভিত্তিতে যুক্তরাজ্যে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), এর নেতা মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু এই তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার লন্ডনপ্রবাসী আইনজীবী ও ব্যবসায়ী সাইফ উদ্দিন খালেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে হাদিকে যুক্তরাজ্যে নেওয়ার প্রচেষ্টার কথা জানিয়ে সকলের দোয়া কামনা করেন।
তার সেই বক্তব্য উল্লেখ করে মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু জানান, ওসমান বিন হাদির বর্তমান শারীরিক অবস্থার জন্য যে ধরনের জটিল অস্ত্রোপচার প্রয়োজন, তা সিঙ্গাপুরে করা সম্ভব হচ্ছে না। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কিংবা মাউন্ট এলিজাবেথ হাসপাতালেও এই অপারেশনের প্রয়োজনীয় উন্নত ব্যবস্থাপনা নেই বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত কুইন এলিজাবেথ হাসপাতালে নেওয়া সম্ভব হলে শেষবারের মতো একটি কার্যকর চিকিৎসার চেষ্টা করা যেতে পারে।
এই বিষয়ে যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশিদের সহযোগিতা কামনা করে মঞ্জু বলেন, কেউ সহায়তা করতে আগ্রহী হলে তাকে ওসমান হাদির মেডিকেল ট্রিটমেন্ট সামারি (চিকিৎসার সারসংক্ষেপ) পাঠানো হবে। এ জন্য তিনি আগ্রহীদের সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন