ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য এই জানাজায় এক হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার ডিএমপির উপকমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানাজায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি বিবেচনায় নিয়ে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ডিএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ডিজিটাল নিরাপত্তা জোরদারে পুলিশ সদস্যদের পোশাকে যুক্ত থাকবে এক হাজার বডি ওর্ন ক্যামেরা, যা সার্বক্ষণিক মনিটর করা হবে।
এর আগে আজ সকাল সাড়ে ৯টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগার থেকে ওসমান হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ জানাজার জন্য সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন