হত্যাকাণ্ডের সাত থেকে আট দিন পেরিয়ে গেলেও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় শহীদ ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি প্রশ্ন তুলে বলেন, পাঁচ থেকে সাত ঘণ্টার মধ্যে হত্যাকারীরা কীভাবে দেশের সীমান্ত পেরিয়ে চলে যেতে পারল। তাছাড়া হত্যাকাণ্ডের সাত থেকে আট দিন পেরিয়ে গেলেও অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় আমরা গভীর ক্ষোভ প্রকাশ করছি।
শনিবার বেলা সোয়া ২টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত ওসমান হাদির জানাজায় অংশ নিয়ে আবু বকর সিদ্দিক এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দিবালোকে রাজধানী ঢাকায় জুমার নামাজের পর প্রকাশ্যে গুলি করে একজন মানুষকে হত্যা করা হলো। অথচ সাত-আট দিন পেরিয়ে গেলেও খুনিরা ধরা পড়েনি। যদি তারা এত দ্রুত সীমান্ত পার হয়ে যেতে পারে, তবে এটি জাতির জন্য এক চরম লজ্জার বিষয়।’
ওসমান হাদির ভাই বলেন, ‘পাঁচ থেকে সাত ঘণ্টার মধ্যে তারা কীভাবে দেশ ছাড়ল—এই প্রশ্ন আমি জাতির কাছে রেখে গেলাম। আমার কোনো ব্যক্তিগত চাওয়া-পাওয়া নেই। আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছেন। শহীদ হওয়ার আকাঙ্ক্ষা তার মধ্যেই ছিল। আপনারা তার বক্তব্য ইতিমধ্যেই শুনেছেন।’
এ সময় আবু বকর সিদ্দিক দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনার আহ্বান জানান।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন